নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যুগত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, এটি সারা বছরই দেখা যায়। বৃষ্টি শুরু হলে এর প্রকোপ আরও বেড়ে যায়। তাই ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সিটি কর্পোরেশনকে প্রচারণা চালাতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরী বলেন, শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা যথেষ্ট নয়।
কার্যকর উদ্যোগ নিতে হলে সঠিক জরিপের মাধ্যমে দক্ষ জনবল নিয়োগ করে যথাযথ পদক্ষেপ নিতে হবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩১১ জন রোগীর মধ্যে ১১২ জন ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় এবং বাকিরা ঢাকার বাইরে। এ বছর এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ২৬ হাজার ৩৭৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তবে ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে।প্রসঙ্গত, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের রেকর্ড হয়েছিল। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
