নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের পাশে থাকার জন্য জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, “জনগণের পাশে দাঁড়াতে এমপি, চেয়ারম্যান কিংবা মেম্বার হওয়া লাগে না। সৎ ও ভালো মানুষ হলেই যথেষ্ট।
আমরা চাই, প্রত্যেকে নিজের অবস্থান থেকে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকবেন।”রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।হাসনাত আরও বলেন, “সত্য বলার জন্য কোনো রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই।
তবে সত্য বলার পর যদি কেউ আপনাদের বাধা দেয় বা জুলুম করে, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো।”তিনি দাবি করেন, “এনসিপি হলো ন্যায়-ইনসাফের পক্ষের রাজনৈতিক দল। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন, তবে আপনিই এনসিপির পক্ষের মানুষ। এখানে অন্যায় বা বেইনসাফির কোনো জায়গা নেই। এনসিপির নেতা হয়ে অন্যায় কাজ করা কিংবা শুধু শো-ডাউন করার জন্য হাজার হাজার লোক সমাবেশে আনার সুযোগও নেই।
”এনসিপির এই নেতা বলেন, “আমরা রাজনীতি করবো সঠিক পথে, যেমনটা করা উচিত। এখানে কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি চলবে না। আগে যেভাবে ১০, ২০ বা ৫০টা হোন্ডা নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হতো, যেন যত বেশি হোন্ডা-গুন্ডা, তত বড় নেতা—সেই সংস্কৃতি এনসিপিতে নেই।”উল্লেখ্য, ওই উঠান বৈঠকে জেলা পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
