নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের সদস্যরা স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে ঢুকে মঞ্চে আক্রমণ চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও ঘটনাস্থল থেকে সরে যায়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া এলাকায় দায়িত্বরত পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ির চালক কাউসার আহত হন। আরেকজন আহত হলেও তার পরিচয় জানা যায়নি।
এছাড়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরেও হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা গাড়ি ভাঙচুর করে।
ইউএনও জানান, এনসিপির পক্ষ থেকে ‘জুলাই মাসব্যাপী পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হওয়ার কথা ছিল। তবে সেই পদযাত্রা বানচাল করতে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
