কুয়েটে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয়ে ৫০০ জনকে আসামি করে প্রশাসনের মামলা।

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গতকাল (বুধবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) মো. সাইফুর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগরীর খানজাহান আলী থানায় এই মামলা দায়ের করেন।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার পরপরই উপাচার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এবং যেকোনো অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন।

এছাড়া, শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্য বুধবার বিকেলে ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক ও প্রভোস্টদের সঙ্গে একটি জরুরি সভার আয়োজন করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য, উপ-উপাচার্য ও কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যান এবং বহিরাগতদের শান্ত করার চেষ্টা করেন। সংঘর্ষে কয়েকজন শিক্ষক, উপাচার্য, শিক্ষার্থী ও কর্মচারী আহত হন এবং তাদের কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আশ্বাস দিয়েছে যে তাদের দাবি যথাযথভাবে বিবেচনা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্যাম্পাসে শান্তি বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।