ওসিকে বিবস্ত্র করে এলাকা ছাড়ানোর হুমকি, বিএনপি নেতার শাস্তি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিএনপি। মহেশখালী থানার ওসি মনজুরুল হককে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে মহেশখালী পৌরসভার দীঘিরপাড়ে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শফিউল আলম শফির স্মরণসভায় আকতার হোসেন এই হুমকি দেন। পরবর্তীতে ওইদিনই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আকতার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।স্মরণসভায় আকতার হোসেন বলেন, “ওসি সাহেব, ফাইজলামির অনেক খবর শুনেছি, অভিযোগও অনেক পেয়েছি।

মহেশখালী থেকে আপনাকে বের করে দেব—এটা আমার অঙ্গীকার। আওয়ামী দোসরদের সঙ্গে টাকা নিয়ে ষড়যন্ত্র করছেন, সব খবরই আমার কাছে আসে।”তিনি আরও বলেন, “আমি জীবিত থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে মিলেমিশে চলা সম্ভব নয়। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করবো।” এ সময় সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরাও ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।উল্লেখ্য, চলতি বছরের ২০ মে মহেশখালী থানার ওসি হিসেবে যোগ দেন মনজুরুল হক।