নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী আজ শনিবার (১ নভেম্বর) থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে সর্বোচ্চ ১০টি সক্রিয় সিম ব্যবহার করতে পারবেন। এ সীমা অতিক্রম করা সিমগুলো আজ থেকেই মোবাইল অপারেটরগুলো নিষ্ক্রিয় করা শুরু করেছে।বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ অক্টোবরের পর থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।এর আগে ৩০ জুলাই সংস্থাটি ঘোষণা করেছিল, একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম রাখা যাবে না, এবং নভেম্বর থেকে অতিরিক্ত সিম বন্ধের কার্যক্রম শুরু হবে।
গ্রাহকরা চাইলে মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ডি-রেজিস্ট্রেশন করতে পারবেন। এর আগে একজন নাগরিক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন।বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, “আজ থেকে অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে। ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।”পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ, অথচ প্রকৃত গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ।
এর মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের নামে ৫টির কম সিম, ১৬ শতাংশের নামে ৬ থেকে ১০টি সিম এবং মাত্র ৩ শতাংশ গ্রাহকের নামে আছে ১১টির বেশি সিম।বিটিআরসি জানিয়েছে, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও প্রতারণা রোধের লক্ষ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গ্রাহকরা অনলাইনে অথবা *১৬০০২# ডায়াল করে নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন।উল্লেখ্য, সিম বন্ধের ক্ষেত্রে ‘দৈবচয়ন’ নীতি অনুসরণ করা হবে, ফলে কোনো গ্রাহকের গুরুত্বপূর্ণ সিমও বন্ধ হয়ে যেতে পারে।
