মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছে আবরার ফাহাদ

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ২ years ago

নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান, স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত করা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও মুক্ত চিন্তার প্রতীক হিসেবে পরিচিত আবরার ফাহাদ ২০১৯ সালে নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কিছু সদস্যের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন।

সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবরার ফাহাদের আত্মত্যাগ স্মরণ করে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লেখেন, আবরার ফাহাদ হলেন ন্যায়বিচারের জন্য লড়াই করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের আলোকিত করে এবং ন্যায়ের পথে চলতে অনুপ্রেরণা দেয়। জাতি তাকে চিরকাল স্মরণ করবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তার মর্মান্তিক মৃত্যু সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল এবং শিক্ষাঙ্গনে সহিংসতা প্রতিরোধের আন্দোলনের প্রতীকে পরিণত হন তিনি।