নোয়াখালী -৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

লেখক: রিয়াজুল ইসলাম
প্রকাশ: ৭ মাস আগে

হাতিয়া নোয়াখালী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।রোববার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।জানা গেছে, আসন্ন নির্বাচনে নোয়াখালী-৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্তত অর্ধডজন প্রার্থী।

তবে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির তিন নেতাকর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে ভোটের মাঠে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা।এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের নাম ঘোষণা করা হয়েছে। তার নাম ঘোষণার পর থেকেই প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের অনুসারীরা। অন্যদিকে, এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, শনিবার পর্যন্ত জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ বিকেল ৫টার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।