নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসিরা বানুর বিদায় সংবর্ধনা।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ৭ মাস আগে

আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি:

নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিরা বানুর বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তিতে এক জমকালো বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৮ বছর ধরে কলেজের শিক্ষাকার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বিদায় জানানো হয়। নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের হলরুমে ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১১ ঘটিকা এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব এ কে এম ইউসুফ হাসান। তিনি তাঁর বক্তব্যে সহকারী অধ্যাপক নাসিরা বানুর পেশাগত নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব আবু নাসির। অধ্যক্ষ মহোদয় বিদায়ী শিক্ষকের অবদানের কথা স্মরণ করে বলেন, “নাসিরা বানু ম্যাম শুধু একজন শিক্ষিকাই ছিলেন না, তিনি ছিলেন আমাদের কলেজের এক অভিভাবক। তাঁর বিদায় আমাদের জন্য অত্যন্ত কষ্টের, তবে আমরা তাঁর নতুন জীবনের জন্য শুভ কামনা জানাই।”অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষিকার হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। বিদায়ী সহকারী অধ্যাপক নাসিরা বানু আবেগাপ্লুত কণ্ঠে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং কলেজের প্রতি, শিক্ষক সহকর্মীদের প্রতি এবং প্রিয় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।