মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি বাসা থেকে আহমেদ সাব্বির নামের এক যুবকের হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল প্রায় ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সাব্বিরের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায়। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি চন্দ্রিমা মডেল টাউনের ১০ নম্বর রোডের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।

সাব্বিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে সহকর্মীর মৃত্যুসংবাদ শুনে দ্রুত হাসপাতালে ছুটে যান।হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাব্বিরের বড় ভাই আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা কিছুই জানি না। খবর শুনেই হাসপাতালে এসেছি। কয়েকদিন আগেই তার সঙ্গে কথা হয়েছিল।”তিনি আরও বলেন, “সাব্বির একাই মোহাম্মদপুরে থাকত। আমরা সবাই যাত্রাবাড়ীতে থাকি। পড়াশোনা শেষে সে হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি নিয়েছিল এবং কিছুদিন চাকরিও করেছিল। বর্তমানে কোনো কাজ করত না।

”মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা মোহাম্মদপুর থানার এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছি। শরীরে আঘাতের কোনো দাগ নেই, তবে হাত বাঁধা ছিল এবং গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা— তা এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”