এককভাবে কেউ বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না: সারজিস আলম।

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আগামী সংসদ নির্বাচনের পর কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন ও পরিচালনা করে, তবে সেই সরকার বা সংসদ দীর্ঘস্থায়ী হবে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ সংশ্লিষ্ট ইস্যু বা ভারতীয় প্রভাবের মতো জটিল বাস্তবতায় কোনো একক দল দেশের নেতৃত্ব দিতে পারবে না। তাই এনসিপি ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি।

”তিনি আরও বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি বা জামায়াত এককভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বিএনপি কখনও পূর্ণভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়নি, আর জামায়াতও বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে কার্যকর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। তাই স্থিতিশীল রাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে এনসিপি এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ অপরিহার্য।”এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দিয়ে সারজিস আলম বলেন, “আগামীর বাংলাদেশ গঠন এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য এনসিপিকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াতে হবে। আমরা চাই, আগামী নির্বাচনে এনসিপি দুটি প্রধান রাজনৈতিক শক্তির একটি হিসেবে মাঠে নামুক।

”তিনি আরও বলেন, “অভ্যুত্থানবিরোধী শক্তি হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অতীতে যেমন দায়িত্ব পালন করেছে, আমরাও সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য দেশের প্রতিটি জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থী দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগর সমন্বয়ক মোবাশ্বের আলীসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।