বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে ‘রেইনবো নেশন’ গঠন করবে: ফখরুল

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—বিএনপি ক্ষমতায় এলে ‘রেইনবো নেশন’ তৈরি করবে, যেখানে দেশের সব জাতিগোষ্ঠী নিজেদের অবদান রাখতে পারবে।শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা-২০২৫’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “আগামীতে বিএনপি সরকার গঠন করলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আমাদের দায়িত্ব থাকবে যেন সব সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন হয় এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য টিকে থাকে।”তিনি আরও বলেন, “বিএনপি সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে।

পাশাপাশি সরকারিভাবে গারো সম্প্রদায়ের ‘ওয়ানগালা উৎসব’ পালনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।”ফখরুল বলেন, “আমাদের মূল জাতীয় ধারার সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকেও একত্রিত হতে হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই বাংলাদেশের জাতীয়তাবাদকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন।”