পদদলিত ঘটনায় নিহতদের পরিবারকে ২৭ লাখ টাকা করে সহায়তা দেবেন বিজয় থালাপাতি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

তামিলনাড়ুর করুরে বিজয় থালাপাতির নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপাতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, প্রতিটি নিহতের পরিবারকে ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা) এবং আহতদের ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেবেন।এনডিটিভিকে দেওয়া এক আবেগঘন বার্তায় বিজয় লিখেছেন—> “আমার হৃদয়ের বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। যাদের ভালোবাসা আমি অনুভব করেছি, তাদের মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে।

আমি প্রতিটি নিহতের পরিবারের একজন সদস্যের মতো পাশে থাকার চেষ্টা করছি। প্রিয়জন হারানোর কষ্ট কোনোভাবেই পূরণ করা যায় না। তবু আমি প্রতিটি পরিবারের জন্য ২০ লাখ রুপি ও আহতদের জন্য ২ লাখ রুপি সহায়তা দেব। এই অর্থ ক্ষতির সমান নয়, তবে এটি আমার কর্তব্য।”তিনি আরও জানান, আহতদের চিকিৎসায় দলের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।তবে এ ঘটনায় সমাবেশে নিরাপত্তা বিধি ভঙ্গ বা পুলিশের শর্ত লঙ্ঘন নিয়ে বিজয় এখনো কোনো মন্তব্য করেননি। অভিযোগ রয়েছে, তার রোডশো হঠাৎ আয়োজনের কারণে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হয় এবং পদদলিতের ঘটনা ঘটে।

এদিকে তামিলনাড়ু সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ও আহতদের ১ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।পুলিশ জানায়, সেদিন প্রায় ২৭ হাজার মানুষ সমাবেশে যোগ দেন, যদিও অনুমান করা হয়েছিল প্রায় ১০ হাজার মানুষ আসবেন। বিজয়ের সাত ঘণ্টা দেরিতে পৌঁছানোর কারণে ভিড়ের চাপ বাড়তে থাকে এবং যথেষ্ট খাবার ও পানির ব্যবস্থা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

করুরে মাত্র ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল, যা নিরাপত্তা ঘাটতির বড় প্রমাণ বলে স্বীকার করেছেন তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অব পুলিশ জি ভেঙ্কটরামন।মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।