নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী মো. নাজমুল করিম খানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, তিনি আগামী মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগদান করবেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, গাজীপুরের দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করে ২ সেপ্টেম্বরের (মঙ্গলবার) মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।গত বছরের ১১ নভেম্বর নাজমুল করিম খান জিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে চলতি বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।
এদিকে, পুলিশ সদর দপ্তরের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, শহরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এমনকি দিনের বেলাতেও এসব অপরাধ ঘটছে, অথচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) কার্যত নীরব অবস্থান নিয়েছেন।
অভিযোগ রয়েছে, তারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা গ্রহণ করেন।এছাড়া, কমিশনার নাজমুল করিম প্রতিদিন গুলশানের বাসা থেকে গাজীপুর যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হতো।
এতে ঢাকামুখী লেন সাময়িকভাবে বন্ধ থাকত। আবার তিনি ঢাকায় ফেরার সময় গাজীপুরের ভোগড়া এলাকায় একইভাবে উড়ালসড়ক একমুখী করা হতো, ফলে গাজীপুরগামী লেনও বন্ধ হয়ে যেত। সদর দপ্তরের প্রতিবেদনে এ বিষয়টিও সমালোচিত হয়েছে।
