আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে যে, এসব ঘটনা বন্ধ না হলে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগগুলো বাধাগ্রস্ত হতে পারে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ৫০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে এইচআরডব্লিউ। সেখানে উল্লেখ করা হয়েছে যে, আইনশৃঙ্খলা বাহিনী আগের নিপীড়নমূলক ভূমিকার দিকে ফিরে যাচ্ছে, যা দেশটির জন্য নতুন সংকটের কারণ হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আবারও যাচাই-বাছাই ছাড়াই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করছে, যা তাদের যেকোনো ব্যক্তিকে হয়রানি করার সুযোগ তৈরি করছে।
এছাড়াও, গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশ অনুযায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে চালু হওয়া নতুন অধ্যাদেশেও পূর্ববর্তী আইনের ক্ষতিকর কিছু ধারা ও উপধারা সংযুক্ত থাকার বিষয়টি উল্লেখ করে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।
