স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, ৫ আগস্টের “জুলাই বিপ্লব”-এ আহতদের কারাগারের জরুরি সেবায় নিয়োগ দেওয়া হবে, যা তাদের জন্য বিশেষ উপকার বয়ে আনবে। তিনি আরও বলেন, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য বিভিন্ন সুবিধা থাকলেও ধারণক্ষমতার তুলনায় বন্দীদের সংখ্যা অনেক বেশি।
২৬ জানুয়ারি সকাল ১১টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সহায়তার জন্য একটি জরুরি সেবা (হটলাইন) নম্বর উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, যারা কারাগারের বাইরে থেকে অপরাধ করছে, যেমন ছিনতাই ও চাঁদাবাজি, তাদের পুনরায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। আবার অনেকেই কারাগার থেকে বের হয়ে পুনরায় অপরাধে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, জুলাই বিপ্লবের সময় যারা কারাগার থেকে বের হয়েছিল, তাদের মধ্যে ইতোমধ্যে ৭০০ জনকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। বাকিরা এখনও পলাতক, তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল, ঢাকা বিভাগের উপ-কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এবং জেলার একেএম মাসুম আলম।
এই জরুরি সেবা কার্যক্রমের মাধ্যমে বন্দিদের অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের সময়, ফোনে যোগাযোগের তারিখ, শারীরিক অবস্থা, প্যারোলে মুক্তি এবং অভিযোগ বা পরামর্শ সম্পর্কিত তথ্য জানা যাবে।
