নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর টানা তৃতীয় দফার ছুটি শেষে আজ রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে আজ কোনো পাঠদান কার্যক্রম পরিচালিত হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সহায়তায় কলেজ ক্যাম্পাসে ইতোমধ্যে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে একটি মেডিকেল ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
এতে এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে প্রয়োজনীয় সহায়তা ও প্রস্তুতি নিশ্চিত করে পূর্ণাঙ্গ পাঠদান কার্যক্রম চালু করা হবে।
