নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন। তিনি এই ঘোষণা দেবেন সংবাদ সম্মেলন বা এক বিবৃতির মাধ্যমে।
নিজ দল লেবার পার্টির চাপের মুখেই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন স্টারমার। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে একটি সুস্পষ্ট ও বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই সঙ্গে, গাজা অঞ্চলে দুর্ভিক্ষ মোকাবিলায় ত্রাণ সহায়তা বাড়ানোর জন্য ব্রিটেন যে উদ্যোগ নিচ্ছে, তাও থাকবে এই পরিকল্পনায়।
তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির ওপর।
এর আগে জি-৭ জোটভুক্ত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই এই স্বীকৃতি দেবেন।
