হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই উপলব্ধি থেকেই ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম-এর আওতায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় গাছের চারা বিতরণ কার্যক্রম চালু রয়েছে। ইতোমধ্যে জেলাজুড়ে মোট ১ হাজার ৭০০ (সতেরো শত) চারা বিতরণ করা হয়েছে।এরই ধারাবাহিকতায় সোমবার (২১ জুলাই) হোসেনপুর উপজেলায় দেড় শতাধিক গুচ্ছগ্রামের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক কিশোরগঞ্জ জেলার সমন্বয়ক সাফরিনা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, ব্র্যাকের গোবিন্দপুর ব্রাঞ্চ ম্যানেজার দিলরুবা ইয়াসমিন, ব্র্যাক প্রগতি হোসেনপুরের এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সিনিয়র সিও আব্দুস সোহবান ফৌজদারসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।অনুষ্ঠান শেষে উপজেলার পিতলগঞ্জ, চর জিনারী, পুমদী ও মাধখলা গুচ্ছগ্রামে সরেজমিনে গিয়ে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল নিম, আম, লেবু গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছ।চারা পেয়ে গুচ্ছগ্রামের মানুষের মধ্যে দেখা যায় উৎসাহ ও আনন্দ। তারা জানান, ঘরে ঘরে গাছ লাগিয়ে নিজেদের পরিবার ও পরিবেশকে সবুজ রাখার অঙ্গীকার করেছেন তারা।ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গাছ লাগিয়ে শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আমরা একটি সবুজ পৃথিবী রেখে যেতে পারি।”
