গোপালগঞ্জে আবারও কারফিউর সময় বৃদ্ধি, গ্রেপ্তার ৯০।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সহিংসতার পর জারি করা কারফিউর সময় আবারও বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।গোপালগঞ্জ জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত কারফিউ বহাল ছিল। পরে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত সাময়িক শিথিল করা হয়। এরপর জানানো হয়েছিল, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। তবে আজ নতুন করে আবার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মুকসুদপুরে ৬৭ জন এবং কাশিয়ানীতে ২৩ জনকে আটক করা হয়েছে।জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরজুড়ে টহল অব্যাহত রেখেছে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।