নিজস্ব প্রতিনিধি:
ঢাকার পুরান শহরের সূত্রাপুরের কাগজি টোলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।প্রাণ হারানো ব্যক্তিরা হলেন—রিপন পেয়াদা (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), এবং তাদের তিন সন্তান: আয়েশা (১), রোকন (১৪) ও তামিম (১৬)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন পেয়াদা। তার আগে একই হাসপাতালে মারা যায় তাদের তিন সন্তান। পরিবারের একমাত্র জীবিত সদস্য চাঁদনী হাসপাতালে নেয়ার পথেই মারা যান।
জাতীয় বার্ন ইনস্টিটিউট জানায়, রিপনের শরীরের ৬০ শতাংশ, তার স্ত্রীর ৪৫ শতাংশ, ছেলে তামিমের ৪২ শতাংশ, রোকনের ৬০ শতাংশ ও এক বছরের আয়েশার ৬৩ শতাংশ দগ্ধ হয়। ১১ জুলাই রাত একটার দিকে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে।চাঁদনীর মামা জাকির হোসেন জানান, তারা একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। আগুন লাগার সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন সবাই। বের হওয়ার সুযোগ না পেয়ে পুরো পরিবার দগ্ধ হয়। দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলেও কাউকেই বাঁচানো যায়নি।এই হৃদয়বিদারক ঘটনা শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে গোটা এলাকায়।
