নিজস্ব প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। দল কেবল সেইসব কাজের দায় বহন করে, যা দলের নির্দেশনা অনুযায়ী হয়। তাঁর মতে, চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাস বিএনপির আদর্শ বা অভিধানে নেই।শনিবার (১২ জুলাই) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে ‘আলোকিত হালুয়াঘাট রূপকল্প’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এমন বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা তাঁর নেই। ভিডিও দেখে তিনি স্তম্ভিত ও লজ্জিত। প্রিন্স দৃঢ়ভাবে বলেছেন, যারা এই জঘন্য কাজ করেছে, তারা কোনো দলের হতে পারে না। নিহত ব্যক্তি এবং হত্যাকারী উভয়ই যুবদলের কর্মী হলেও, তিনি জোর দিয়েছেন যে তারা সবার আগে বাংলাদেশের নাগরিক। প্রত্যেক নাগরিকের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকা উচিত এবং দোষী যেই হোক না কেন, তার কঠোর শাস্তি হওয়া উচিত। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীরও দায়বদ্ধতা রয়েছে বলে তিনি মনে করেন।প্রিন্স উল্লেখ করেন, বিএনপি অনৈতিক কাজকে প্রশ্রয় দেয় না, যা গত কয়েক মাসে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, যদি বিএনপি আওয়ামী লীগের মতো অনৈতিকতাকে প্রশ্রয় দিতো, তাহলে বিএনপিকে দোষ দেওয়া যুক্তিসঙ্গত হতো। কিন্তু বিএনপি তা করছে না। এরপরেও যারা এসব বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে তিনি মনে করেন। এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
