নিজস্ব প্রতিনিধি:
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, যা গত বছর ছিল মাত্র ৫১টি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। আজ, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ, যা গত বছর (২০২৪ সালে) ছিল ৮৩.০৪ শতাংশ। সেই হিসাবে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।এবারের ফলাফলেও ছাত্রীরা ছাত্রদের চেয়ে এগিয়ে আছে। ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। এ নিয়ে টানা ১০ বছর ধরে এসএসসি পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
এবছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর (২০২৪ সালে) এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। সে অনুযায়ী, এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও অনেক কমেছে।উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয়েছিল। এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যা গত বছরের (২০২৪ সালের) তুলনায় প্রায় এক লাখ কম।
