নিজস্ব প্রতিনিধি:
ক্রিশ্চিয়ানো রোনালদো মন্তব্য করেছেন যে সৌদি প্রো লিগ এখন বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে অন্যতম। আল নাসরের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের পর এই কথা বলেছেন পর্তুগিজ তারকা।গত বৃহস্পতিবার আল নাসর রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেয়। এই চুক্তির ফলে ৪২ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও রোনালদো ক্লাবটির সঙ্গেই থাকবেন। এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘আমরা এখনও উন্নতির পথে আছি। তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে সৌদি প্রো লিগ বিশ্বসেরা পাঁচটি লিগের মধ্যেই পড়ে। আমি বিশ্বাস করি আমরা আরও উন্নতি করব এবং গত দুই বছরে প্রমাণ হয়েছে যে এই লিগ ক্রমাগত উন্নতি করছে।’
পর্তুগিজ তারকা আরও জানান, তিনি খুশি কারণ এই লিগ অনেক প্রতিযোগিতামূলক। তিনি বলেন, ‘শুধুমাত্র যারা কখনও সৌদি আরবে খেলেনি, তারাই বলে থাকে এই লিগ সেরা পাঁচের মধ্যে নয়। তারা ফুটবল সম্পর্কে কিছুই বোঝে না। আমি আমার কথায় ১০০ ভাগ বিশ্বাস রাখি। আর যারা এই লিগে খেলে, তারা জানে আমি কী বলছি।’ রোনালদো ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে স্বাগত জানান এবং বলেন যে এই কারণেও তিনি সৌদিতে থাকছেন।পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা বলেছেন, ‘এই কারণেই আমি থাকতে চাই – কারণ আমি এই প্রকল্পে বিশ্বাস করি। শুধু আগামী দুই বছরের জন্য নয় বরং ২০৩৪ সাল পর্যন্ত (থাকতে চাই), যখন সৌদি আরবে বিশ্বকাপ হবে।
আমি বিশ্বাস করি, সেটিই হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।’পর্তুগাল অধিনায়ক আরও জানান যে তার লক্ষ্য আল নাসরের হয়ে একটি বড় ট্রফি জেতা। উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে ক্লাবে যোগ দেওয়ার পর তিনি এখনও বড় কোনো শিরোপা অর্জন করতে পারেননি।রোনালদো আরও বলেন, ‘আমার লক্ষ্য আল নাসরের হয়ে কিছু গুরুত্বপূর্ণ জয়। আমি এখনও বিশ্বাস করি সেটা সম্ভব। তাই আমি আরও দুই বছরের জন্য চুক্তি করেছি। কারণ আমি বিশ্বাস করি আমি সৌদি আরবে চ্যাম্পিয়ন হব।’ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা এই তারকা এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৭৯৪ এবং পর্তুগালের হয়ে ১৩৮ গোলসহ মোট ৯৩২টি গোল করেছেন।
