নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ) কুষ্টিয়ায় পাচারের সময় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার করেছে।রবিবার (১১ মে) সন্ধ্যায় শহরের মজমপুর গেট সংলগ্ন মজমপুর জামে মসজিদের সামনে থেকে বিবিসিএফ-এর কুষ্টিয়া টিম এই পাখিগুলো উদ্ধার করে। জানা গেছে, রবিবার ভেড়ামারা উপজেলার নয় মাইল কাচারি এলাকার পাখি ব্যবসায়ী চঞ্চলের কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে ৪০টি পাখি শ্যামলী পরিবহনে তুলে দেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাচালক তারেক মজমপুর গেটে নিয়ে আসেন। সেখানে স্থানীয় পাভেল রহমান নামে এক ব্যবসায়ী অনেক দেশীয় পাখি দেখতে পেয়ে বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করে।
পরে বন বিভাগের সদস্যরা এসে পাখিসহ সিএনজিচালিত অটোরিকশা ও এর চালককে আটক করে বন বিভাগের অফিসে নিয়ে যান। এরপর মুচলেকা নিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়। পাখিগুলোকে সোমবার (১২ মে) দিনের বেলায় অবমুক্ত করার কথা রয়েছে। বিবিসিএফ-এর সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া টিমের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, দপ্তর সম্পাদক মীর কুশল এবং বন বিভাগ কুষ্টিয়ার মিলন ও সোনা সাত্তার উদ্ধার অভিযানে অংশ নেন।
