নিজস্ব প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন থেকে শিগগিরই দেশে ফিরছেন। যদিও ফেরার নির্দিষ্ট দিন-ক্ষণ এখনো ঠিক হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই সময়ে দেশে ফিরবেন বলে শোনা গেলেও তিনি এখনই ফিরছেন না। তবে তিনি দেশে আসার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন।দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। গত কয়েকদিন ধরে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, খালেদা জিয়া মে মাসের মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরতে পারেন। সঙ্গে থাকতে পারেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, ‘ম্যাডাম দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে ফেরার তারিখ নির্ধারণের আগে তার চিকিৎসকদের মতামত ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয় রয়েছে। দলের পক্ষ থেকেও তাকে দেশে আনতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।’লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ জানান, ‘ম্যাডাম খুব শিগগিরই দেশে ফিরছেন।’ চলতি বছরের ৭ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আলোচনা ছিল চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ অধিকাংশ মামলায় তারেক রহমান খালাস পেয়েছেন। খালেদা জিয়া লন্ডনে যাওয়ার আগ মুহূর্ত থেকে আলোচনা ওঠে, হয়তো ছেলেকে নিয়েই তিনি দেশে ফিরবেন। দলের সিনিয়র নেতারাও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন। দেশে ফিরতে খুব বেশি আইনি জটিলতা নেই বলেই দাবি তাদের। তাহলে দেশে ফিরছেন না কেন, কিংবা দেশে ফেরার বিষয়ে তিনি এখন কোন অবস্থানে আছেন? এ বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, ‘তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল। প্রচলিত নিয়ম ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তার জন্য তো মামলা কোনো বাধা হতে পারে না। মামলা কোনো বাধা ছিল না, এখনও নেই। অবশ্যই তিনি দেশে আসার জন্য সক্রিয় বিবেচনা করছেন। যথাসময়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’খালেদা জিয়ার চিকিৎসা ও আইনি প্রেক্ষাপট:খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। দলীয় সূত্রে জানা যায়, তার লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, আর্থ্রাইটিসসহ একাধিক রোগ রয়েছে।
