খেলাধুলা ডেস্ক:
অস্ট্রেলিয়ার পেশাদার রেসলার ব্রনসন রিড আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় এই কুস্তিগির। শুক্রবার (২৮ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্বখ্যাত রেসলিং সংস্থা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)। তাঁর প্রকৃত নাম জারমেইন হ্যালি। চিকিৎসাজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে কী ধরনের শারীরিক জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, রিংয়ে ব্রনসন রিড ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। রিংয়ের বাইরেও তিনি ছিলেন একজন ভালো মানুষ, পরিবারের প্রতি দায়িত্বশীল এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ ও মেয়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ডব্লিউডব্লিউই।
ব্রনসন রিডের মৃত্যুতে শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাথেন্সে আকিন্স ফোর্ড অ্যারেনায় আয়োজিত ডব্লিউডব্লিউইর অনুষ্ঠানেও শোক প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় তাঁর স্মরণে ১০টি ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে। পরে ম্যাচে অংশ নিতে গিয়ে কানাডীয় কুস্তিগির কেভিন ওয়েন্সের হাতে ‘ব্রনসন’ লেখা কালো ব্যান্ড দেখা যায়। ম্যাচের একপর্যায়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য দিয়ে প্রয়াত সহকর্মীকে স্মরণ করেন তিনি।
ওয়েন্স বলেন, ব্রনসন রিড রেসলিং ভালোবাসতেন এবং রিংয়ে পারফর্ম করতে উপভোগ করতেন। তবে তাঁর কাছে পরিবারের গুরুত্ব ছিল সবার আগে। এমন শোকাবহ ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, একে অপরের যত্ন নিতে হবে, ভালোবাসতে হবে এবং পরস্পরকে ক্ষমা করার মানসিকতা রাখতে হবে।
প্রয়াত ব্রনসনকে স্মরণ করে আবেগঘন বক্তব্যে ওয়েন্স আরও বলেন, তাঁকে নিজেদের মধ্যে পাওয়া ছিল সৌভাগ্যের বিষয়। তাঁর অনুপস্থিতি সবাই গভীরভাবে অনুভব করবেন।
ডব্লিউডব্লিউইর সাবেক ও বর্তমান তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অবসরপ্রাপ্ত রেসলিং কিংবদন্তি রিক ফ্লেয়ার লিখেছেন, রেসলিং অঙ্গন থেকে আরও একজনকে অসময়ে হারাতে হলো।
ডব্লিউডব্লিউই হল অব ফেমার ডায়মন্ড ডালাস পেজও ব্রনসনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি জানান, ব্রনসনের মৃত্যুর খবর পড়ে তিনি মর্মাহত হয়েছেন। এ সময় তাঁর মনে পড়ে যায় আরেক প্রয়াত কুস্তিগির এডি গুয়েরেরোর কথা। ব্রনসনের বন্ধু ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন তিনি।
উল্লেখ্য, ‘লাতিনো হিট’ নামে পরিচিত ডব্লিউডব্লিউই তারকা এডি গুয়েরেরোও ২০০৫ সালে মাত্র ৩৮ বছর বয়সে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। অন্যদিকে, অস্ট্রেলীয় পেশাদার কুস্তিগির ব্রেন্ডন ভিঙ্ক, যিনি ডিউক হ্যানসন নামে পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি, জারমেইন।’
রেসলিংবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েল আয়োজনের সময় পাওয়া আঘাত থেকে সেরে উঠছিলেন ব্রনসন। ওই অনুষ্ঠানে কোনো ম্যাচে অংশ না নিলেও একটি সংঘর্ষের সময় তাঁকে মঞ্চ থেকে ছুড়ে ফেলা হয়। পরে তিনি একটি টেবিলের ওপর আছড়ে পড়েন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি।
রেসলিং ক্যারিয়ারের শুরুতে স্বাধীন রেসলিং অঙ্গনে জোনাহ রক ও জে-রক নামে পরিচিত ছিলেন জারমেইন হ্যালি। ২০১৯ সালে ডব্লিউডব্লিউইর সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। ২০২১ সালে সংস্থাটি থেকে বাদ পড়লেও এক বছর পর আবারও ফিরে আসেন। মৃত্যুর আগ পর্যন্ত ডব্লিউডব্লিউইর সঙ্গে যুক্ত ছিলেন এই রেসলার।
২০২৪ সালে ডব্লিউডব্লিউইর অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল’ জেতেন ব্রনসন রিড। রিংয়ে তাঁর শক্তিশালী উপস্থিতি ও অসাধারণ পারফরম্যান্সের কারণে অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
এদিকে, গত কয়েক মাসের মধ্যে রেসলিং অঙ্গনে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে গত সেপ্টেম্বরে ৪০ বছর বয়সে মারা যান ইংলিশ কুস্তিগির বেঞ্জামিন স্যাটারলি। তবে তাঁর মৃত্যুর কারণও সে সময় প্রকাশ করা হয়নি।
