বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়ে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
গত ১৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বরিশাল বিএম কলেজ রোডের নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
হারিয়ে যাওয়া শিশুটির নাম সুমন মণ্ডল। পূজামণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ের মধ্যে শিশুটি তার বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারেন সেখানে দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যরা।
এ সময় সেকশন কমান্ডার মোঃ সোলায়মান, সহকারী সেকশন কমান্ডার কামাল হোসেন এবং ভিডিপি সদস্য সুরভী আক্তার শিশুটিকে খুঁজে বের করতে তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করেন। তাঁরা পূজামণ্ডপের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শিশুটিকে শনাক্ত ও উদ্ধার করেন। পরবর্তীতে পূজামণ্ডপের সভাপতির মাধ্যমে শিশুটিকে তার পিতা বিশ্বজিৎ মণ্ডল ও মাতা অনিতা মণ্ডলের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির অভিভাবকেরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের সুশৃঙ্খল চলাচলে সহায়তা করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন আনসার-ভিডিপি সদস্যরা।
হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এ ঘটনা আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীলতা, মানবিকতা ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের কার্যক্রম জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনবান্ধব ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা রাখছে।
