গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি স্থান থেকে রাতের আঁধারে সাদা পিকআপভ্যানে করে ছয়টি গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।স্থানীয়দের তথ্য অনুযায়ী, উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকার বিষে প্রামাণিকের ছেলে ইসমাইল হোসেনের গোয়ালঘর থেকে দুটি গাভী ও দুটি বাছুর চুরি হয়েছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
এ ছাড়া একই ইউনিয়নের গোপীনাথপুর জোলারকান্দি এলাকার আব্দুল আজিজের দুটি গাভী গরুও চুরি হয়েছে। ওই গরু দুটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।এ ঘটনায় খামারী আব্দুল আজিজ বলেন, আমি প্রতিদিন রাতে গরুর গোয়ালের পাশেই ঘুমাই, গতরাতে আনুমানিক ১ টার দিকে আমি নিজ ঘরে গিয়েছি, রাত সারে ৩ টার দিকে ফিরে এসে দেখি গোয়ালে গরু নাই। এই দুইটি গাভির দুধ বিক্রি করেই আমি সংসার চালাই। এখন আমি কিভাবে চলবো ?
প্রশাসনের কাছে আবেদন – আপনারা আমার গরু খুঁজে দিন, আর চোর চক্রকে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন । ক্ষতিগ্রস্তদের অভিযোগ, রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৩ টার দিকে একটি সাদা রঙের পিকআপভ্যানে করে গরুগুলো নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্য মোঃ আব্দুল হান্নান এর সাথে যোগাযোগের চেষ্টা করলে মুঠো ফোনে তাকে পাওয়া যায়নি।
