নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর সাধারণ মানুষকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।শনিবার (২০ ডিসেম্বর) জানাজার ঠিক আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।এ সময় তিনি সবাইকে কোনো ধরনের সহিংসতায় জড়িয়ে না পড়ার অনুরোধ জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেই পরবর্তী সব সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।আবদুল্লাহ আল জাবের বলেন, হাদির ওপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর কাছে এ বিষয়ে গত এক সপ্তাহের গৃহীত পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরার দাবি জানান।এর আগে জানাজায় বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা। তিনি হাদির রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। পরে হাদির বড় ভাই বক্তব্য দেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।এদিন সকালে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখান থেকে গোসলের জন্য মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।এদিকে ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ হাসপাতালে এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন। জানাজায় প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
