সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪৮ minutes ago

নিজস্ব প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের ছেলে ইভান বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল। হঠাৎ ট্রেন আসার শব্দ শুনে ছেলেকে বাঁচাতে ছুটে যান মনিরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইভানকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।