নিজস্ব প্রতিনিধি:
ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, “সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াতে পারবে না। যদি বাজারে দামের তারতম্য দেখা যায়, সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।”
এর আগে সোমবার নতুন মূল্য তালিকায় দেখা যায়, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৭ টাকা, আর খোলা পাম তেল ১৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ টাকায়।
একইসঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দামও বেড়ে ৯২০ টাকা থেকে ৯৪৫ টাকায় পৌঁছেছে।
উল্লেখ্য, সর্বশেষ গত এপ্রিল মাসে তেলের দাম বাড়ানো হয়েছিল—তখন লিটারপ্রতি বোতলজাত তেলে ১৪ টাকা, খোলা তেলে ১২ টাকা এবং পাঁচ লিটার বোতলে ৭০ টাকা বৃদ্ধি করা হয়। আগস্টে খোলা পাম তেলের দাম কিছুটা কমানো হয়েছিল।
তবে গত মাসের শেষের দিকে তেলের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের টানাপোড়েন দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেল ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় রাজি হয়েছিল মাত্র ১ টাকা পর্যন্ত। পরবর্তীতে বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার খবর পাওয়া যায়।
