ভারতের কাশ্মীরে প্রবল বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসে ৬০ জন নিহত আহত অনেক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ভারতের কাশ্মীরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ২০০ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কিশতোয়ার জেলায় হঠাৎ নেমে আসা পাহাড়ি স্রোত ও কাদামাটির ঢল তীর্থযাত্রীদের ভাসিয়ে নিয়ে যায়।

শুক্রবার (১৫ আগস্ট) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তীর্থযাত্রীরা মাচাইল মাতার মন্দিরে যাওয়ার আগে দুপুরের খাবারের জন্য চাসোতি গ্রামে একত্র হয়েছিলেন। ঠিক সেই সময় প্রচণ্ড শব্দের সঙ্গে বন্যার পানি ও কাদামাটির ধস গ্রামটিকে আঘাত করে।

ঘটনার সময় অনেকে চেনাব নদীতে পড়ে যান, আবার অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকর্মীরা দড়ি, শাবল ও অস্থায়ী সেতুর সাহায্যে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। স্থানীয় প্রশাসনের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আরও ১০০ থেকে ১৫০ জন চাপা পড়ে থাকতে পারেন।