বরিশালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার-ভিডিপির উপমহাপরিচালক

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বরিশাল  জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম।

তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপমহাপরিচালক পূজামণ্ডপের সভাপতি, স্বেচ্ছাসেবক, দর্শনার্থী এবং দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেন। এ ছাড়া পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপমহাপরিচালক পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান। তিনি বলেন, পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা উদ্‌যাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা নিরাপত্তাসংক্রান্ত সমস্যার উদ্ভব হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা দায়িত্ব পালন করছেন।