প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ, নারী দিবসে ফারিয়ার পোস্ট

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

এক সময় ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও বর্তমানে অভিনয় থেকে বেশ দূরে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে প্রায়ই নিজের মতামত প্রকাশ করেন তিনি। বিভিন্ন সামাজিক ইস্যুতে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে।

সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায় ফেসবুকে ক্ষোভও প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার নারী দিবসে তিনি নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শুক্রবার মধ্যরাতে ফারিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, “যে দেশে প্রতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই ধর্ষণের সংবাদ দেখতে হয়, সেই দেশে নারী দিবসের প্রয়োজনীয়তা কোথায়?” তবে তিনি তার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন, যার ফলে অনুরাগীদের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে পোস্টটি প্রায় দুই হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে।

এর আগে, সাজাপ্রাপ্ত এক ব্যক্তির জামিনের সংবাদের লিংক শেয়ার করে ফারিয়া লিখেছিলেন, “যারা ধর্ষকের জামিন মঞ্জুর করেছে বা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদেরও শাস্তির আওতায় আনা দরকার।”

অভিনয়ে কম দেখা গেলেও ফারিয়া সর্বশেষ “মোবারকনামা” ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যেখানে মোশাররফ করিমের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া, সাম্প্রতিক সময়ে তিনি একটি কমেডি শোতে বিচারক হিসেবেও অংশ নিয়েছিলেন।