নিজস্ব প্রতিনিধি:
কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধনের একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “নতুন এই আইনি সংশোধনের পর কেউ যদি কাউকে গ্রেপ্তার করে, তাহলে পুলিশ বা সংশ্লিষ্ট সংস্থাকে নিজেদের পরিচয় স্পষ্টভাবে জানাতে হবে এবং বাধ্যতামূলকভাবে আইডি কার্ড দেখাতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির চাহিদা অনুযায়ী আইডি কার্ড প্রদর্শন করতে হবে।”মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উপদেষ্টাদের অবরুদ্ধ করার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “মাইলস্টোনের শিক্ষার্থীদের আমাদের প্রতি কোনো বিরূপ মনোভাব ছিল না। আমরা প্রথমে বের হওয়ার চেষ্টা করলে দুজন ছাত্র আমাদের গাড়িতে উঠেও বসে।
মাইলস্টোনের শিক্ষক-শিক্ষার্থীরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। তবে উত্তেজিত কিছু মানুষ থাকতেই পারে, কারও মধ্যে ক্ষোভও থাকতে পারে। এ ধরনের ঘটনা ঘটতেই পারে, আমরা এটিকে অতিমাত্রায় গুরুত্ব দিচ্ছি না।”
