হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
গাজীপুরের কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিক হৃদয় হত্যার প্রতিবাদে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় হোসেনপুর উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক ও কিশোরগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আলাল মিয়া, সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকার গ্রিনল্যান্ড গার্মেন্টস কারখানায় কর্মরত বিদ্যুৎ শ্রমিক হৃদয় সবসময় শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। এ কারণে মালিকপক্ষের লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিল। গত ২৮ জুন হৃদয়কে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। হত্যাকাণ্ডের পর কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। এতে করে শত শত শ্রমিক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। নেতারা মানববন্ধনে হৃদয় হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত হৃদয়ের পরিবারকে ক্ষতিপূরণ এবং বন্ধ হয়ে যাওয়া কারখানাটি দ্রুত চালু করার দাবি জানান।
