গাজায় নতুন করে ইসরাইলি হামলায় নিহত ৪৫।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বেশ কিছু চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে গাজাজুড়ে এই হামলা চালানো হয়েছে।দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় দেড় বছর ধরে চলা সংঘাতে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ৫১ হাজার ৪৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৭ হাজার ৪১৬ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদেরও গণনায় ধরে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০।উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত এবং দুই শতাধিক জিম্মি হন। এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে, যা উপত্যকাটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।এর আগে, গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ায় গভীর হতাশা প্রকাশ করেন কাতারের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ আল-খুলাইফি। তিনি জানান, ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরুর পর এক মাস ধরে আলোচনা থমকে আছে এবং কোনো সমঝোতা হয়নি। প্রতিদিন মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ায় তিনি এই অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আল-খুলাইফি আরও জানান, দুপক্ষকে পুনরায় আলোচনায় বসানো এবং পূর্বে সম্মত হওয়া চুক্তিটি পুনরুজ্জীবিত করার জন্য তারা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত কোনো সফলতা আসেনি। তবে সকল বাধা অতিক্রম করে তারা এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।