কচুয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

লেখক: জিএম রাশেদ
প্রকাশ: ১ বছর আগে

কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরচাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এই কর্মসূচির আয়োজন করে বাজারের ব্যবসায়ী ও এলাকার সচেতন নাগরিকরা।বিক্ষোভ মিছিলটি রহিমানগর বাজারের শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে এসে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম মিলন। তিনি সমাবেশ পরিচালনাও করেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জাহান মজুমদার, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাজী কবির হোসেন, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ ও সাধারণ সম্পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী।বক্তারা বলেন, রহিমানগর বাজারে সম্প্রতি চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাজারে মাদকসেবীদের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।তারা আরও বলেন, গত ৫ আগস্টের পর দলের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এসব অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তারা।সমাবেশে রহিমানগর বাজারের অসংখ্য ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত থেকে একত্রে এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানান।