আলমডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন হাটবোয়ালিয়া বাজারে জাগরনী চক্র ফাউন্ডেশন অফিস থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।জানা যায়, নাটোর জেলার বাগাতিপাড়া থানার হাট গোবিন্দপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে শামীম হোসেন (৩৬) জাগরনী চক্র ফাউন্ডেশন, হাটবোয়ালিয়া বাজার শাখায় অফিসার পদে কর্মরত আছে । গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০ টা ৩০ মিনিটে তিনি তার ব্যবহৃত Hero Splendor 100 সিসি মোটরসাইকেলটি অফিসের বারান্দার ভিতরে রেখে জরুরি প্রয়োজনে বাসায় যান।
একই দিন বিকাল ৪টার দিকে অফিসে ফিরে এসে তিনি দেখেন, বারান্দায় রাখা মোটরসাইকেলটি নেই। অনেক স্থানে খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তারই প্রেক্ষিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন সঙ্গীয় ফোর্সসহ তথ্য-প্রযুক্তির সহায়তায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত আসামী মোঃ সাগর আলী (২১), গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি সাগর আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান পিপিএম।
