কক্সবাজারে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ ঘন্টা আগে

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজারে বিশেষায়িত ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (UBEST) প্রতিষ্ঠার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বোরি) বিদ্যমান অবকাঠামো ও ল্যাবরেটরি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রশাসনিক নথি সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে লেখা এক আধা-সরকারি পত্রে বঙ্গোপসাগরের সম্পদ কাজে লাগাতে ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনৈতিক খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটিতে সম্মতি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়, একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণ ও ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে প্রতিষ্ঠা করতে অন্তত ৫ থেকে ৭ বছর সময় লাগতে পারে। একই সঙ্গে এতে বিপুল অর্থ ব্যয় হবে। এ কারণে রামু-টেকনাফ সড়কসংলগ্ন বোরির বিদ্যমান গবেষণা কেন্দ্র, ল্যাবরেটরি, তথ্যভাণ্ডার ও বৈজ্ঞানিক জনবল কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব করা হয়েছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে- সমুদ্রবিজ্ঞান ও সামুদ্রিক তথ্যপ্রযুক্তি, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ ও উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্ট।

এদিকে কক্সবাজারে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কাশেম কালবেলাকে বলেন, ‘কক্সবাজারে একটি সমুদ্র গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি দীর্ঘদিনের। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবনায় প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারবাসী একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পাচ্ছে এটি অবশ্যই আনন্দ ও খুশির খবর।’