দক্ষিণ কোরিয়া থেকে আসছে এক কার্গো এলএনজি, খরচ ৬০৮ কোটি টাকা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সরকার ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি দক্ষিণ কোরিয়া থেকে এই এলএনজি আমদানির জন্য ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকা অনুমোদন করেছে।মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করেছিল। দরপত্রের সব প্রক্রিয়া শেষে, প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার পিওএসসিও ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে এই এক কার্গো এলএনজি (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এর মোট ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকা।এর আগে গত ২০ মে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকেও ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। সেবার সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ৫৮৬ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৫৯ টাকায় এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।