২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সংবাদ সারাক্ষণ ডেস্ক:

শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল সংগ্রহ করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি অর্থবছরে কম্বল কেনার জন্য সরকারের মোট বরাদ্দ রয়েছে ৫৭ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।

অবশিষ্ট অর্থ ব্যয়ে কম্বল কেনার নতুন প্রস্তাবটিও এবার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কম্বল সংগ্রহ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। ফলে আসন্ন শীত মৌসুমে নির্ধারিত সময়ে শীতার্ত মানুষের কাছে কম্বল পৌঁছানো কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের তীব্রতা বাড়তে পারে। এ কারণে দ্রুত কম্বল সংগ্রহ ও বিতরণ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী, এ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পালন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কম্বল কেনার জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।সংবাদ সারাক্ষণ/এমএস