পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করলো সংযুক্ত আরব আমিরাত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ২০২৬ সালের পবিত্র রমজান মাস ও ঈদের সম্ভাব্য সময়সূচি জানিয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে এ সম্ভাব্য তারিখগুলো প্রকাশ করা হয়েছে।ইউএইয়ের আইন অনুযায়ী ঈদের দিন আগেভাগে চূড়ান্তভাবে নির্ধারণ করা যায় না। ইসলামি হিজরি বর্ষপঞ্জি ও চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়।

তবে নাগরিকদের আগাম প্রস্তুতির সুবিধার্থে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে।এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী রমজান শুরু হতে পারে বুধবার, ১৮ ফেব্রুয়ারি।রমজান মাস ২৯ কিংবা ৩০ দিনের হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুসারে, ২০২৬ সালে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে শুক্রবার, ২০ মার্চ।ইউএইয়ের সরকারি নীতিমালা অনুযায়ী, রমজান ৩০ দিন পূর্ণ না হলেও শেষ দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হয়।

সেই হিসেবে ঈদুল ফিতরে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের সরকারি ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে ২০২৬ সালে ঈদুল আযহা হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ সরকারি ছুটি। ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি)-এর ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস (৯ জিলহজ) পড়তে পারে ২৬ মে।সে হিসাবে ঈদুল আযহা শুরু হতে পারে ২৭ মে এবং ছুটি চলতে পারে ২৯ মে পর্যন্ত। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি (শনিবার ও রোববার) যুক্ত হলে বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।তবে অন্যান্য ইসলামি দিবসের মতোই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছুটির দিন ঘোষণা করবে।