উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিএনপি কর্মীদের স্লোগানে উত্তাল কাকরাইল!

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি নেতাকর্মীরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পাঠ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। তাদের স্লোগানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টার দিকে কাকরাইল মোড় ও এর আশপাশের এলাকায় আন্দোলনের এই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কাকরাইল মোড় থেকে যমুনামুখী সড়কের মুখে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তারা কাকরাইল থেকে বিভিন্ন গন্তব্যের সড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে এই সড়ক ব্যবহার করে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তারা স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন এবং হুঁশিয়ারি দেন যে উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।আন্দোলনকারীদের স্লোগানগুলোর মধ্যে ছিল: ‘যমুনারে যমুনা, আমরা কিন্তু যাবো না’, ‘এইমাত্র খবর এলো, ইশরাক ভাই মেয়র হলো’, ‘এই মুহূর্তে দরকার, নির্বাচিত সরকার’, ‘দফা এক দাবি এক, নির্বাচিত সরকার’, ‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাবো না’। এছাড়া আরও নানান স্লোগানে কাকরাইল এলাকা উত্তাল হয়ে উঠেছে।