নিজস্ব প্রতিনিধি:
আগামী বিশ্বকাপ হবে নতুন এক রূপে। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই মহাযজ্ঞে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে যৌথভাবে আয়োজন করছে ২০২৬ সালের বিশ্বকাপ। সময় যত যাচ্ছে, ততই বাড়ছে এ নিয়ে আলোচনার মাত্রা। এবার ড্রয়ের সম্ভাব্য সময় ও স্থান জানিয়েছে খ্যাতনামা ক্রীড়া মাধ্যম ইএসপিএন।ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। যদিও প্রাথমিকভাবে কানাডা ও মেক্সিকোর কয়েকটি শহরের নাম আলোচনা ছিল, তবে শেষ পর্যন্ত লাস ভেগাসকেই চূড়ান্ত করা হয়েছে।
বিভিন্ন সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে ড্র অনুষ্ঠান।মেক্সিকোর ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো চেদিল্লো এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বকাপের প্রস্তুতিমূলক ক্যাম্প মেক্সিকোতে আয়োজনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার ভুল না হলে ড্র হবে ৫ ডিসেম্বর অথবা ডিসেম্বরের শুরুতেই। সম্ভবত লাস ভেগাসেই হবে ড্র অনুষ্ঠান এবং আমাদের পাচুকা শহরের প্রচারের জন্য সেখানে উপস্থিত থাকতে হবে।
”উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও ১৯৯৪ সালের বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাসেই। তবে তখন ড্র-এর ভেন্যু ছিল লাস ভেগাস কনভেনশন সেন্টার। এবার অবশ্য সেই কনভেনশন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ড্র অনুষ্ঠানটি আয়োজন করছে না।প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে এই বিশ্বকাপে থাকবে ১২টি গ্রুপ, প্রতিটিতে ৪টি করে দল।
তবে ফিফা এখনো ড্র সম্পর্কিত আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি, এমনকি আয়োজক যুক্তরাষ্ট্রও এখনো বিষয়টি নিশ্চিত করেনি।এখন পর্যন্ত ১৩টি দেশ ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা হলো— বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এবং বাছাইপর্ব পেরিয়ে আসা জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, নিউজিল্যান্ড, ব্রাজিল, ইকুয়েডর ও অস্ট্রেলিয়া।
