আগামী নির্বাচন ব্যর্থ হলে পুরো জাতিকে মূল্য দিতে হবে : প্রধান নির্বাচন কমিশনার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন আমাদের সকলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। কাজেই আমরা যদি এই চ্যালেঞ্জে ব্যর্থ হই, তাহলে তার মাশুল পুরো জাতিকে গুণতে হবে।শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি আরও বলেন, “নির্বাচন আয়োজনের পথে অনেক বাধা-বিপত্তি ও সীমাবদ্ধতা থাকবে, তবুও আমাদের দায়িত্ব একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া।”খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যবৃন্দ।