সুনামগঞ্জে পুলিশের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ ।

লেখক: তালুকদার নাঈম
প্রকাশ: ১ বছর আগে

সুনামগঞ্জ প্রতিনিধি :

জগন্নাথপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে থানা হাজত থেকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। থানা ভবনের সামনে দাঁড়িয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতাকর্মীদের লাইভে কথা বলতে দেখা গেছে। তবে পুলিশ অভিযোগটি অস্বীকার করেছে।মঙ্গলবার বিকালে জগন্নাথপুর উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের জানান, জগন্নাথপুর থানা পুলিশ সোমবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাব খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া ও সদস্য সুহেল মিয়াকে গোয়ালাবাজার থেকে আটক করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাদেরকে পুলিশ ছেড়ে দেয়, এঘটনায় ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামছুল ইসলাম জাবির বলেন, পুলিশ মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে ডেভিলদের থানার হাজত থেকে ছেড়ে দিয়েছে। এঘটনায় জগন্নাথপুরের ছাত্র—জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মামুনুর রশীদ জানান, পুলিশ কার ইন্ধনে এবং কত টাকার বিনিময়ে আসামিদের ছেড়ে দিয়েছে ছাত্র—জনতা জানতে চায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলনে নামবেন বলে তিনি হুঁশিয়ারি দেন।জগন্নাথপুর থানার ওসি মাহফুজুল ইমতিয়াজ ভূঁইয়া পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই তিন ব্যক্তি একটি মামলার আদালতের জামিনের রিকল জমা দিতে এসেছিলেন, তাঁরা জমা দিয়ে চলে গেছে। আমরা কাউকে আটক করি নি। অভিযোগ সত্য নয়।