রান্না ও খাবারের জন্য ব্যবহৃত প্লাস্টিকের বাসন আমাদের শরীরের জন্য নীরব ঘাতক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

প্রত্যহিক জীবনে প্লাস্টিকের পত্রের ব্যবহার যেন এক অনিবার্য সঙ্গী। খাবার সংরক্ষণ থেকে শুরু করে গরম করা পর্যন্ত অনেকেই এই পাত্রগুলোর ওপর নির্ভর করেন। দেখতে সুন্দর, চকচকে, ওজনে হালকা এবং দামে সাশ্রয়ী হওয়ায় রান্নাঘরের প্রায় প্রতিটি তাকেই নানা রকম প্লাস্টিকের বাটি, বাক্স বা বোতল জায়গা করে নিয়েছে। কিন্তু আপনি কি জানেন, আপাতদৃষ্টিতে নিরীহ এই পাত্রগুলোই ধীরে ধীরে আপনার শরীরে বিষ ছড়াতে পারে?

সময়ের সঙ্গে সঙ্গে প্লাস্টিকের গুণমান নষ্ট হয়, ফাটল ধরে, গন্ধ জমে যায় এবং ক্ষতিকর রাসায়নিকও খাবারে মিশে যেতে পারে। এর ফলে হজমের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। তাই রান্নাঘরের এই ‘শব্দহীন ঘাতক’ সম্পর্কে এখনই সচেতন হওয়া জরুরি। অনেক সময় আমরা দেখি, একটি পাত্র দেখতে ভালো হলেও তাতে খাবার সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে না বা রান্নার গন্ধ বা দাগ কিছুতেই তোলা যাচ্ছে না। এই ছোট ছোট লক্ষণগুলোই কিন্তু ইঙ্গিত দেয় যে, এখনই পাত্রটিকে বিদায় জানানোর সময় এসেছে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন লক্ষণে বুঝবেন প্লাস্টিকের পাত্র আর ব্যবহারের উপযোগী নেই:


👉 ফাটল বা বেঁকে যাওয়া পাত্র: একটি সতর্কবার্তা
পাত্রে হালকা ফাটল বা আকৃতিতে বেঁকে যাওয়াকে কখনোই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে মাইক্রোওয়েভে ব্যবহারের কারণে উচ্চ তাপমাত্রায় পাত্র বিকৃত হতে পারে। এতে ব্যাকটেরিয়া বা জীবাণু সহজেই জমে গিয়ে খাবারের সঙ্গে মিশে যাওয়ার ঝুঁকি থাকে, যা আপনার শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

👉 পাত্রে স্থায়ী দাগ বা গন্ধ জমে থাকা:
অনেকদিন ধরে একই পাত্রে তরকারি বা মসলাদার খাবার রাখার ফলে যদি দাগ বা গন্ধ থেকে যায় এবং বহুবার ধোয়ার পরও তা না যায়, তবে বুঝবেন প্লাস্টিক পচতে শুরু করেছে। এই অবস্থায় পাত্রটি শুধু দৃষ্টিকটু নয়, স্বাস্থ্যঝুঁকিও ডেকে আনতে পারে।

👉 ঢাকনা যদি ঠিকভাবে না আটকায়:
একটি খাবার সংরক্ষণের পাত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার বায়ুরোধী ক্ষমতা। যদি ঢাকনা আগের মতো ভালোভাবে না আটকানো যায়, ফাঁক থাকে বা বেঁকে যায়, তবে তা খাবারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারবে না। এ অবস্থায় পাত্রটি আর ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ।


পাঁচ বছরের পুরোনো? এখনই বদলে নিন!
একই প্লাস্টিকের পাত্র বছরের পর বছর ব্যবহারের ফলে তা ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। আপনি দেখতে না পেলেও এর গায়ে ছোট ছোট আঁচড় বা ক্ষত তৈরি হয়, যেখানে সহজেই ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। বিশেষ করে পাঁচ বছরের বেশি পুরোনো হলে, সেটা যত ভালো অবস্থাতেই থাকুক না কেন, পরিবর্তন করা ভালো।


🚫বিপিএ বা বিসফেনল-এ থেকে সাবধান
আপনার পাত্রটি যদি পুরোনো হয় এবং ‘বিপিএ-মুক্ত’ না হয়, তবে তা এখনই ফেলে দিন। তা না হলে বিসফেনল নামক রাসায়নিক উপাদানটি উচ্চ তাপমাত্রায় খাবারের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করতে পারে। এটি এমন একটি যৌগ যা হরমোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। ফলে হতে পারে হরমোনজনিত সমস্যা, এমনকি প্রজনন ক্ষমতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


✅স্বাস্থ্যঝুঁকির পেছনের বৈজ্ঞানিক কারণ:
‘পেডিয়াট্রিক এনভায়রনমেন্টাল হেলথ স্পেশালিটি ইউনিট’-এর মতে, প্লাস্টিকের মধ্যে থাকা দুটি সাধারণ উপাদান প্যাথালেটস ও বিসফেনল শরীরের হরমোন নিঃসরণে বাধা সৃষ্টি করে। এস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের মতো গুরুত্বপূর্ণ হরমোনের কার্যকারিতায় এসব উপাদান নেতিবাচক প্রভাব ফেলে, যার প্রভাব পড়ে শিশুদের বৃদ্ধি, মানসিক বিকাশ ও প্রজনন স্বাস্থ্যের ওপর। প্লাস্টিকের পাত্র ব্যবহারে সাময়িক স্বস্তি থাকলেও, দীর্ঘ মেয়াদে এটি স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই সময়মতো পুরোনো পাত্রগুলোকে বিদায় জানান এবং যাচাই করে নিন আপনার পাত্রটি আদৌ নিরাপদ কি না। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল।