২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

‘১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফিরবেন না হাসিনা’।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে

সংবাদ সারাক্ষণ ডেস্ক:

আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি এমন মন্তব্য করেছেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেন স্পিকার। তার এই বক্তব্যের তথ্য প্রকাশ করেছে বিবিসি উর্দু।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখার একটি কৌশল। তবে তার ধারণা, আগামী ১০ বছরেও শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তবে তার দেশে ফেরার এমন ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বর্তমান বিএনপি সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তার দেশে ফেরা সম্ভব।

বিবিসি উর্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। ভারত যদি তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তাহলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

  • বাংলাদেশ
  • রাজনীতি
  • শেখ হাসিনা